
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন–২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এবং প্রশাসনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর কিছুক্ষণ পর তিনি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। চার দিনব্যাপী এই সম্মেলন আগামী ৬ মে পর্যন্ত চলবে।
এবারের সম্মেলনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন। সরকারের নীতি বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রম এবং মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, দিকনির্দেশনা প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারের ডিসি সম্মেলনকে সামনে রেখে মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে। যাচাই বাছাই শেষে এর মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত বিষয়ে। এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনাররা এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গেও পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park