
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ঘটনাটি নিয়ে এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে।
সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংক্রান্ত মামলার বিচারিক আদালতগুলো ঈদের ছুটির মধ্যেও খোলা রাখার বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করেছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামির জবানবন্দি নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মামলার অভিযোগপত্র জমা হয়েছে এবং আগামী ১ জুন থেকে বিচার কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, গত শুক্রবার ঝিনাইদহে জুমার নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park