ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সহ ১৬ জন সদস্যকে সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে বর্তমান কার্যনির্বাহী কমিটি। সোমবার (১৬ জুন) এ সিদ্ধান্তের চিঠি স্থানীয় সাংবাদিকদের হাতে আসে।
জানা গেছে, আইনজীবী সমিতির সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান স্বাক্ষরিত আলাদা চিঠির মাধ্যমে প্রত্যেককে অব্যাহতি দেওয়া হয়। সমিতির প্যাডে শনিবার (১৫ জুন) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “গত ২২ এপ্রিল অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত মোতাবেক আপনার সদস্যপদ বাতিল করা হয়েছে।” তবে এই সিদ্ধান্তের নির্দিষ্ট কোনো কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী সমর্থকরা অভিযোগ করেছেন, বিএনপি ঘনিষ্ঠ আইনজীবীদের পক্ষপাতমূলক আচরণের কারণে অনেক আওয়ামী ঘরানার সিনিয়র আইনজীবীর নাম অব্যাহতির তালিকায় রয়েছে, অথচ বিএনপি ঘনিষ্ঠ অনেক বিতর্কিত আইনজীবী বহাল রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান আইনজীবী সমিতির কর্মকর্তারা।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাসিমুল হাসান বলেন, “৫ আগস্টের পর যারা নিয়মিত আদালতে প্র্যাকটিস করেননি, নির্বাচন বয়কট করেছেন কিংবা সিনিয়র আইনজীবীদের লাঞ্ছিত করেছেন—তাদের বিষয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই ১৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park