ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস বরিশাল থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দু’জন প্রাণ হারান এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজাপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park