
বরিশালের উজিরপুর উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ নিয়ে ওঠা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ দাবি করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জেলে ও এলাকাবাসী।
গত শুক্রবার বিকেলে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের রসুলবাদ ব্রিজ সংলগ্ন ঈদগাহ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক জেলে, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে অভিযোগকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, জেলেদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল নিয়মিত ও স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বঞ্চনার ঘটনা ঘটেনি বলে তারা দাবি করেন। বরং একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করছে।
বক্তারা আরও জানান, স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে জেলেদের সহায়তায় কাজ করে আসছেন শ্রমিক দলের সাবেক সভাপতি সোলেমান হোসেন হাইয়োম খান। প্রতি বছর তিনি নিজ উদ্যোগে অতিরিক্ত চাল সংগ্রহ করে দরিদ্র জেলেদের মাঝে বিতরণ করে থাকেন। তার এই সামাজিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সমাবেশে উপস্থিত জেলেরা বলেন, “আমরা নিয়মিত চাল পেয়েছি। কোনো সমস্যা থাকলে আমরা নিজেরাই জানাতাম। কিন্তু আমাদের না জিজ্ঞেস করেই আমাদের নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, যা দুঃখজনক।”
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করা হয়, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park