
ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল আগামীকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে। তবে এবার দলের নেতৃত্বে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, নিরাপত্তাজনিত কারণে জেডি ভ্যান্স এই সফরে অংশ নিচ্ছেন না। এর আগে প্রথম দফার আলোচনায় তিনি নেতৃত্ব দিলেও এবার শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে আলোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং তাদের জন্য এটি ‘শেষ সুযোগ’। তিনি আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, ইরান যদি শান্তিচুক্তিতে সম্মত না হয়, তবে পরিস্থিতি ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচনা প্রতিনিধিদলের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে নিরাপত্তা বিবেচনায়। এদিকে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আবারও নিশ্চিত করেন যে ভ্যান্স শুধু নিরাপত্তার কারণেই এই সফরে যাচ্ছেন না।
এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন যে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় জেডি ভ্যান্স নেতৃত্ব দিতে পারেন। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প এর আগে অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে সংঘর্ষের মাধ্যমে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং শান্তিচুক্তি ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park