
জুলাই সনদকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে গোলযোগ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সংস্কার মানে না—এমন অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে ইস্টার সানডে উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলের আর্চবিশপ হাউজে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশে যে মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই সুযোগটি কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের অবস্থার পরিবর্তন ঘটাতে কাজ শুরু করেছেন। কিন্তু এই ইতিবাচক উদ্যোগের বিপরীতে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
স্থানীয় সরকারমন্ত্রী জানান, সংস্কারের লক্ষ্যে বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করবে। এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিএনপি সংস্কারবিরোধী নয়, বরং জনগণের স্বার্থে সংস্কার প্রক্রিয়ায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park