
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা জামায়াত-শিবিরকে গুপ্ত সংগঠন বলে আখ্যা দেয়, তারাই নাকি ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল। তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও বিএনপির “গুপ্ত উপদেষ্টা” ছিল, ফলে জনগণ প্রকৃত সত্য জানে কারা আসলে গুপ্ত।
শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং পরিস্থিতি “হায়েনার মতো” হয়ে উঠেছে। তার ভাষায়, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, কিন্তু এবার আর রক্ত দিতে চায় না।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার আবারও পুরোনো কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরছে, তবে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে চার মাস ধরে ঐকমত্য কমিশনের আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল সংবিধান সংস্কারে একমত হয়েছিল। কিন্তু বিএনপি সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ দশটি বিষয়ে নোট অব ডিসেন্ট দেয় এবং পরে গণভোটের রায়ও বাতিলের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
সম্মেলনে কেন্দ্রীয় জামায়াত নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park