
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় দলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, প্রিয় দেশবাসী, সারাদিন শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে বিপুল সংখ্যক ভোট প্রদান করার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া আমাদের সন্তুষ্ট করতে পারেনি।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন আসনে ১১-দলীয় জোটের প্রার্থীরা অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হয়েছে। এছাড়াও বেসরকারি ফলাফলের মধ্যে বারবার অসঙ্গতি ও গড়মিল দেখা গেছে, নির্বাচন কমিশন ভোটার উপস্থিতির হার প্রকাশে অনীহা প্রকাশ করেছে এবং প্রশাসনের কিছু অংশের বড় দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত লক্ষ্য করা গেছে। এসব কারণে ফলাফল ঘোষণার প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
দলটি ১১-দলীয় জোটের নেতাকর্মীদের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে এবং উল্লেখ করেছে, একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park