
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে পঞ্চগড়ে শাকিল আহমেদ (২৬) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শাকিল আহমেদ চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যবহার করে নিজের ছবির সঙ্গে জাইমা রহমানকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। পোস্টের সঙ্গে তিনি একটি মন্তব্যও যুক্ত করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপি নেতাকর্মীদের নজরে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন বাদী হয়ে শাকিল আহমেদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ জানান, প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং এ ঘটনায় তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ওই কলেজছাত্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park