
কুড়িগ্রামের উলিপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ পিতাকে মারধর, অবরুদ্ধ করে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় ঘটে।
ভুক্তভোগী মো. আজাহারুল ইসলাম (৬৪) অভিযোগে জানান, তার দুই ছেলে মো. আল ইমরান (৩৮) ও মো. আবু হুরায়রা (৩৫) দীর্ঘদিন ধরে তার নামে থাকা জমি নিজেদের নামে লিখে নিতে চাপ দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হওয়ায় তারা বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শনসহ শারীরিক নির্যাতন চালান।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে দুই ছেলে তাকে গালিগালাজ করে। প্রতিবাদ করলে তারা ইট ও লাঠি নিয়ে হামলা চালায়। একপর্যায়ে লাঠির আঘাতে তার ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হয়। এ সময় বড় ছেলে নাতি আ ন ম রেজওয়ানুল ইসলাম এগিয়ে এসে তাকে রক্ষা করলে তাকেও মারধর করা হয়।
পরবর্তীতে অভিযুক্তরা আজাহারুল ইসলামকে একটি ঘরে আটকে দরজা তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর বড় ছেলে রেজওয়ানুল ইসলাম জানান, তার ছোট দুই ভাই বাবার কাছ থেকে জমি লিখে নিতে চাপ দিচ্ছিল। এতে রাজি না হওয়ায় তারা নির্যাতনের পথ বেছে নেয়।
এ বিষয়ে অভিযুক্ত আল ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park