জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে আরোপিত চার দিনের বিধিনিষেধ শেষে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন আবারও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ সংক্রান্ত সব সীমাবদ্ধতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে গ্রাহকরা এখন আগের নির্ধারিত সীমা অনুযায়ী লেনদেন করতে পারছেন।
বিধিনিষেধ প্রত্যাহারের পর মধ্যরাত থেকেই বিকাশ, রকেট ও নগদের মতো জনপ্রিয় এমএফএস সেবাগুলোর গ্রাহকরা পূর্বের লিমিট অনুযায়ী টাকা পাঠানো ও গ্রহণ করছেন। গত চার দিন ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যেত এবং দিনে সর্বোচ্চ ১০ বার, অর্থাৎ মোট ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যেত না। এতে অনেক গ্রাহক প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন।
গত রোববার রাতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত ঘোষণা করে, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার ঠেকাতেই এ সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী রোববার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এ বিধিনিষেধ কার্যকর ছিল। তবে এ সময় মার্চেন্ট পেমেন্ট ও বিভিন্ন পরিষেবা বিল পরিশোধের ক্ষেত্রে আগের নিয়মই বহাল ছিল। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।
চার দিন পর বিধিনিষেধ তুলে নেওয়ায় এখন আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন।