জাতীয় সংসদ নির্বাচনের চার দিন পর রংপুরের পীরগঞ্জে হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ছয়টি সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি ধানের শীষ প্রতীকের, বাকি চারটির মধ্যে দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোটের।
সোমবার সকালে শিক্ষক ও ছাত্রদের খেয়াল রাখার পর ব্যালটের তথ্য স্থানীয় নেতাদের কাছে পৌঁছালে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিএনপি নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকরা স্কুল মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ, প্রশাসন এবং স্থানীয় নেতারা উপস্থিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন অবরুদ্ধ থাকেন প্রায় দুই ঘণ্টা। পরে লিখিতভাবে ব্যালট উদ্ধার নিশ্চিত করার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে উত্তেজিত জনতা ইউএনওকে গাড়িতে উঠানোর সময় গাড়ি ভাঙচুর করে।
পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট পান। ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনরায় গণনার দাবিতে বিএনপি সমর্থকরা গত তিনদিন ধরে বিক্ষোভ চালাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park