
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চামড়া শিল্পের বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, আল্লাহর তৌফিক থাকলে বাংলাদেশে চামড়া শিল্প ভবিষ্যতে একটি বিলিয়ন ডলারের রফতানি আয়কারী খাতে পরিণত হবে।
শুক্রবার (১৫ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া শিল্পের বিভিন্ন সীমাবদ্ধতা ও দুর্বলতা চিহ্নিত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। তবে মাত্র আড়াই মাসের মধ্যে এই খাতের সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বাস্তবসম্মতভাবে কিছুটা সময় দিতে হবে।
তিনি আরও বলেন, চামড়া শিল্পকে সত্যিকারের সম্ভাবনাময় খাতে রূপান্তর করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশেষ করে বর্তমান সময়ে যেন একটি চামড়াও নষ্ট না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, চামড়া শুধু একটি শিল্প নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। সচেতনভাবে কোনো সম্পদ নষ্ট করা উচিত নয়, কারণ এতে দেশের অর্থনীতি ও সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়।
বাণিজ্যমন্ত্রীর মতে, সম্মিলিত উদ্যোগ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থানে নেওয়া সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park