
শীতের আমেজ শুরু হলেও রাজধানীর বাজারে সবজির দাম স্বস্তির চেয়ে ক্রেতাদের জন্য বাড়তি অস্বস্তি সৃষ্টি করছে। গত সপ্তাহের তুলনায় সবজি এতটাই চড়া দামে বিক্রি হচ্ছে যে সাধারণ মানুষের দৈনন্দিন ক্রয়ক্ষমতা প্রভাবিত হচ্ছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ঘরে, কেউ কেউ আবার ১০০–১৪০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যেখানে পটল বিক্রি হত ৬০ টাকায়, আজ তা ৮০ টাকায় ওঠেছে। অন্য সবজির দামও বেড়েছে: প্রতি কেজি শিম ১২০ টাকা, বেগুন ১০০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, করলা ১০০ টাকা। এছাড়া শসা ৮০ টাকা, আলু ৩০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ ৭০–৮০ টাকা, কাঁচা টমেটো ১০০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মূলা ৬০ টাকা, টমেটো ও গাজর ১৪০ টাকা প্রতি কেজি।
ব্যবসায়ীরা বলছেন, গতকালের রাজনৈতিক কর্মসূচির কারণে ঢাকায় সবজির সরবরাহ কমেছে। এর ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে।
ক্রেতারা মনে করছেন, শীত শুরু হলে সাধারণত সবজির দাম কমে। কিন্তু চলতি বছর পরিস্থিতি ভিন্ন। হারুন অর রশীদ নামে একজন ক্রেতা বলেন, “শীত মৌসুমের শুরুতে সবজির দাম সাধারণত নাগালের মধ্যে থাকে, কিন্তু এ বছর দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।”
দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব মেলানো ক্রেতাদের জন্য দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park