চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গুদাম ও প্লাস্টিক কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পর্যাপ্ত পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পাশাপাশি গুদাম ও কারখানায় থাকা দাহ্য পদার্থ আগুন আরও দ্রুত ছড়িয়ে দেয়। অবশেষে রাত ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাপণ কাজ তখনও চলছিল। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আহাদ কনভেনশন হলের পাশে ঝুটের গুদামে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বসতবাড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, গুদাম ও কারখানাটি ব্যক্তি মালিকানাধীন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানা গেছে, রাত ২টার কিছু পরই আগুনের খবর পেয়ে চারটি স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park