
বাংলাদেশ সরকারের চালু করা ডিজিটাল সামাজিক নিরাপত্তা উদ্যোগ “ফ্যামিলি কার্ড কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি বিষয়ক বিশেষ প্রশিক্ষণের ২য় পর্যায়ের পাইলটিং কর্মসূচি কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সফি উদ্দিন।
প্রশিক্ষণে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত উপকারভোগী সনাক্ত করে সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং ডাটা এন্ট্রি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে তথ্য নিয়ে কোনো অভিযোগ বা আপত্তি না ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
প্রধান অতিথি মোহাম্মদ শাহী নেওয়াজ বলেন, এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীদের একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা অফিসার আবু তৈয়ব, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park