ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দাম্ভিকতাপূর্ণ বক্তব্যকে ঘিরে প্রতিবাদী গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। ফ্যাসিবাদের বিরুদ্ধে গান ও কবিতায় ধারাবাহিক প্রতিবাদ জানানো এই শিল্পী এবার গাইলেন ‘রানি মা… ২০২৫’ শিরোনামে একটি গান, যা গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) প্রকাশ করা হয়।
গানটিতে উঠে এসেছে শেখ হাসিনার অতীতের কিছু আলোচিত উক্তি, যেমন: ‘শেখ হাসিনা পালায় না, পালাতে জানে না’, ‘সব বন্ধ করে দিয়ে বসে থাকব’, ‘কেউ পাকা পাকা কথা বলো না’। এসব কথা গানে রূপ দিয়েছেন সায়ান। গানের কথায় তিনি বলেন—
“বেশি বেশি কথা বলো না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবে,
বলেছিলেন এক রানি মা, তোমরা মুখে-ঠোঁটে তালা মেরে রাখবে।
বেশি কথা শুনতে রাজি না, কেউ পাকা পাকা কথা বলো না।”
গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গান প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে নিজের উপলব্ধি ও বার্তাও শেয়ার করেন সায়ান। তিনি লেখেন,
“বাংলাদেশের মানুষ এক দুষ্ট রানিকে পরাস্ত করেছে। আজ সেই গণমানুষের গণ-অভ্যুথান দিবস। আগামীতেও সকল দুষ্ট শাসক চিরকাল মাটির মানুষের কাছে পরাজিত হবে। এই বিশ্বাস নিয়ে বাঁচব!”
তিনি আরও লেখেন,
“স্মরণে রাখি প্রত্যেক শহীদকে, তাদের ব্যথাহত পরিবারকে। স্মরণে রাখি দেড় যুগের অত্যাচারের শিকার সকল নিপীড়িত প্রাণকে। সবটুকু স্মরণে রেখেই, সবশেষে স্মরণ করি মানুষের বিজয়কে, যা অনেক দামে এসেছিল এই মাটিতে, আর আসবে বারবার।”
সামাজিক মাধ্যমে গানটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। অনেকেই বলছেন, রাজপথে যেমন তার সরব উপস্থিতি ছিল, তেমনি সাংস্কৃতিক লড়াইয়েও সায়ান হয়ে উঠেছেন প্রতিরোধের কণ্ঠস্বর।
গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ঘিরে গানটি একটি প্রতীকী প্রতিবাদে পরিণত হয়েছে—যেখানে প্রতিধ্বনিত হয়েছে ইতিহাস, প্রতিরোধ এবং মানুষের শক্তি। সায়ান বলেন,
“আজকের উদযাপন যতটা না কোনো এক দুষ্ট শাসকের পতনের, তার চেয়ে ঢের বেশি দেশের সাধারণ মানুষের, যারা কোনো মাস্টারমাইন্ড বা মেটিকুলাস ডিজাইনের ধার ধারে না, সময় মত নিজের অস্তিত্ব নিয়ে হাজির হয়। মাটির মানুষের শক্তিতে ভরসা রাখলাম সব চেয়ে বেশি।”
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park