
গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৬–২৭ কার্যকরী পরিষদের অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি, দিকনির্দেশনামূলক আলোচনা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক শুভ এর সঞ্চালনায় শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ৩টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মানবিক টিমের প্রধান মোহাম্মদ জাবের হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু ইউসুফ জুয়েল, মোহাম্মদ গোলাম আজম ও মাইনুল ইসলাম।
প্রধান অতিথি মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, 'যুব সমাজকে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে গাউসিয়া কমিটির মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে।'
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোঃ মাইনুল ইসলাম বলেন, 'গাউসিয়া কমিটি একটি সামাজিক, আধ্যাত্মিক ও অরাজনৈতিক আন্দোলন। যার চূড়ান্ত লক্ষ্য আল্লাহ ও তাঁর রাসুল (সঃ) এর সন্তুষ্টি অর্জন এবং মানবসেবা।'
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাইদুর রহমান নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, 'সংগঠনের আদর্শ ধারণ করে মানবকল্যাণে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে গাউসিয়া কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park