
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রমে এক আবেগঘন পরিবেশে ইফতার মাহফিলে অংশ নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। বুধবার বিকেলে বড়ভিটা জুরাবান্দা নামক এলাকায় নীল সাগর ক্যানেল সংলগ্ন নিরাপদ বৃদ্ধাশ্রমে এ ইফতার মাহফিল অংশগ্রহণ করেন তিনি। এসময় ইউএনও সোহানিয়া ৩৯জন আশ্রিতদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে উন্নত মানের খাবার বিতরণ করেন। রমজানের পবিত্র মাসে বিষাদেভরা ও নীড়হারা আশ্রিতদের সঙ্গে ইফতার করে তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। আয়োজিত এই ইফতার মাহফিলে তিনি বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে সময় কাটান তাদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যের অবস্থা ও দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে জানতে চান এবং সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তার এমন উপস্থিতিতে আশ্রিতদের মাঝে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হয়।
ইফতার সামগ্রী নিজ হাতে বিতরণ করে তিনি বলেন, সমাজের অবহেলিত ও নীড়হারা প্রবীণদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই সময়ে নীড় হারা প্রবীণদের সঙ্গে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ইফতার কালীন সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, সেকেন্ড অফিসার এসআই কাজী রিপন প্রমুখ। বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদুর রহমান সাজু জানান, ইউএনও’র এমন মানবিক উদ্যোগ আশ্রিতদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন। স্থানীয়রা ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়ার এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ইফতার শেষে সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park