
ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত নারী সংসদ সদস্য ও এলাকার গর্বিত কন্যা বিলকিস ইসলামের শুভাগমন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিনি স্টেডিয়াম মাঠে এক বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ গণসংবর্ধনা প্রদান করেন।এসময় ফুলে শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। এদিন এলাকার কন্যাকে এমপি হিসাবে বরণ ও সংবর্ধনা ঘিরে সকাল হতে আয়োজিত স্থানে সাজসাজ রব শুরু হয়। বেলা গড়ার সাথে সাথে গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীসহ নানা শ্রেণির পেশার মানুষের ঢল নামে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার,বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান,সাধারণ সম্পাদক শাহিন আক্তার,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধরণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য দেন। এসময় বক্তাগণ কিশোরগঞ্জ উপজেলাকে পৌরসভায় রুপান্তরসহ রাস্তা, ব্রিজ,শিল্প কারখানা নির্মান,বিভিন্ন স্কুল-মাদ্রাসা এমপিও করণ, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ,হাসপাতালের সেবার মান বৃদ্ধিকরণ,স্থায়ী দলীয় কার্যালয় প্রতিষ্ঠাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের দাবি জানান। বক্তাগনের দাবির পরিপ্রেক্ষিত বিলকিস ইসলাম বলেন,নারীরা আমাকে ভোট দেওয়ার জন্য বসে ছিল। এজন্য আমি নারীদের ভাগ্য উন্নয়নের জন্য বেশি কাজ করব।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,আপনারা আমার দ্বারা ভাল কাজ করাবেন, কোন অন্যায় কাজ করাবেন না। ব্যক্তি স্বার্থে কোন কাজ করাবেন না, জনগণের স্বার্থে যে কাজ তা নিয়ে আসবেন। আমাকে ভালো কাজ করাসহ আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। এলাকার উন্নয়ন করার সুযোগ দেবেন। তাহলে আপনারা উন্নত হবেন এবং আমিও উন্নত হবো।
অপর দিকে বক্তাগণ এলাকার উন্নয়নের সারথি হিসেবে এলাকার কন্যা বিলকিস ইসলামকে দ্বিতীয় বারের মতো নারী এমপি নির্বাচিত করায় নেতা-কর্মীসহ স্থানীয়রা প্রধান মন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা,প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন। জানা গেছে, বিলকিস ইসলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার দীর্ঘ ত্যাগ -সংগ্রামের মূল্যায়ন থেকে দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী এমপি নির্বাচন করা হয়। এ বর্ষীয়ান নেত্রী উপজেলার নিতাই পানিয়াল পুকুর খয়ের দারোগা পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের প্রয়াত খয়ের দারোগার এক মাত্র কন্যা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park