
ঈদের আগে আরও দুই দিন চলবে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির আগে আগামীকাল শনিবারও দেশের সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে। সেদিন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও লেনদেন চলবে নিয়মিত সময়সূচি অনুযায়ী।
এছাড়া রোববার (২৪ মে)ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। ফলে ঈদের ছুটি শুরুর আগে গ্রাহকরা আরও দুই দিন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
সূত্র জানিয়েছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটিতে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ হিসেবে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক খাত।
Bangladesh Bank সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সাপ্তাহিক ছুটির দিন হলেও শনিবার দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চল সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা ২৫ ও ২৬ মে খোলা থাকবে।
এসব শাখা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকলেও গ্রাহক লেনদেন চলবে বেলা ১টা পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park