রাজধানীর কল্যাণপুর নতুন বাজার এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে ভেঙে পড়ে আছে ম্যানহোলের ঢাকনা। প্রায় ১৫ দিন ধরে এভাবে পড়ে থাকলেও এখন পর্যন্ত তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে রিকশা, অটোরিকশা ও বিভিন্ন যানবাহনকে। পাশাপাশি আশপাশের স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কল্যাণপুর নতুন বাজার এলাকার এই সড়কটি অত্যন্ত ব্যস্ত। প্রতিদিন হাজার হাজার রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। কিন্তু সড়কের মাঝখানে ম্যানহোলের ঢাকনা ভেঙে যাওয়ায় সেখানে বড় একটি গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গর্তের মধ্যে একটি বাঁশ ও লাল কাপড় বেঁধে সতর্কতার চিহ্ন হিসেবে দাঁড় করিয়ে রেখেছেন।
এলাকাবাসী জানান, প্রায় দুই সপ্তাহ ধরে এভাবে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এটি সংস্কারের কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। অনেক সময় রিকশা ও অটোরিকশা চালকদের হঠাৎ ব্রেক করতে হচ্ছে বা পাশ কাটিয়ে যেতে হচ্ছে, এতে অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হচ্ছে।
এলাকাটির কাছেই একটি গার্লস স্কুলসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন অসংখ্য কোমলমতি শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করে স্কুলে যাতায়াত করে। রাস্তার মাঝখানে এভাবে ম্যানহোলের ঢাকনা ভেঙে পড়ে থাকায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, যেকোনো সময় অসাবধানতাবশত কোনো শিক্ষার্থী বা পথচারী দুর্ঘটনার শিকার হতে পারে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বিষয়টি দ্রুত সমাধান করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ম্যানহোলটি মেরামত করে নতুন ঢাকনা বসানোর দাবি জানিয়েছেন তারা।