
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গুতেরেসের মুখপাত্র স্টেফানে দুজারিক নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, “মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছেন।” তিনি আরও বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের সংযম প্রয়োজন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও একই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “প্রতিশোধ ও বিদ্বেষ কেবল বিভাজন বৃদ্ধি করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। কর্তৃপক্ষকে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।”
ভলকার তুর্ক আরও উল্লেখ করেন, “ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এ সময় কিছু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে, এবং সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন।” তিনি সতর্ক করেছেন যে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক জীবনে অংশ নেওয়া এবং ভিন্ন মত প্রকাশের অধিকার সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের মানবাধিকার প্রধান আরও জানিয়েছেন, তার অফিস কর্তৃপক্ষ ও সকল স্টেকহোল্ডারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে মানবাধিকার রক্ষা করা যায় এবং সহিংসতা প্রতিরোধে সহায়তা দেওয়া সম্ভব হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park