
ওমান সফর শেষ করে পুনরায় পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (২৬ এপ্রিল) তিনি ওমান থেকে সরাসরি ইসলামাবাদে যান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার দ্বিতীয় ধাপের পথ সুগম করতে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার অংশ হিসেবে তার এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন আরাঘচি। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ এবং কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
পরে তিনি সংক্ষিপ্ত সফরে ওমান যান এবং সেখানে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও শান্তি উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ এপ্রিল) আরাঘচি আবারও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে যুদ্ধ বন্ধ এবং শান্তি আলোচনার কাঠামো নিয়ে ইরানের চূড়ান্ত অবস্থান ও প্রস্তাবগুলো তুলে ধরবেন তিনি।
এদিকে পাকিস্তান সফর শেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি রাশিয়া সফরে যাবেন বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, একাধিক দেশের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে ইরান কূটনৈতিকভাবে নিজেদের অবস্থান জোরালো করার পাশাপাশি সম্ভাব্য শান্তি আলোচনায় সমর্থন আদায়ের চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park