
হাতিয়া (নোয়াখালী): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্ট ও মেসেঞ্জার বার্তায় এ হুমকি দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে হান্নান মাসউদকে উদ্দেশ করে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। পোস্টে তাকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়। পাশাপাশি সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ (পিচ্চি আজাদ)কে গ্রেপ্তার করা হলে কঠোর প্রতিক্রিয়ার হুমকি দেওয়া হয়।
একই সময়ে আব্দুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি মেসেঞ্জারে এনসিপির এক কর্মীকে উসকানিমূলক বার্তা পাঠান। ওই বার্তায় হান্নান মাসউদসহ অন্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, হাতিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। সাম্প্রতিক আইনি গুঞ্জনের জেরে এই হুমকি আরও তীব্র হয়েছে।
এ ঘটনায় সাধারণ ভোটার ও এনসিপি সমর্থকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন।
আব্দুল হান্নান মাসউদ বলেন, এসব হুমকিতে আমি ভয় পাই না। প্রশাসন কঠোর হলে সন্ত্রাসীরা এমন সাহস পেত না।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্যদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park