
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার বাড়ানো হলো লঞ্চের যাত্রীভাড়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৭৭ পয়সা। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৩৮ পয়সা।
বুধবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হওয়ার কথা।
এছাড়া সর্বনিম্ন যাত্রীভাড়াও বাড়ানো হয়েছে। নতুন করে সর্বনিম্ন ভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২৯ টাকা।
ভাড়া বৃদ্ধির হার বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম ১০০ কিলোমিটারের ক্ষেত্রে ভাড়া বেড়েছে প্রায় ৬ দশমিক ৫০ শতাংশ। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ দশমিক ৮৮ শতাংশ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌ রুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করেছে।
এর আগে গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে। তখন ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা করা হয়। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park