
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। ব্যক্তিগত ঠিকানা প্রকাশ হওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন।
শুক্রবার (১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ উদ্বেগের কথা জানান তিনি।
পোস্টে মাহমুদা আলম মিতু লেখেন, একজন প্রার্থীর বাসার পূর্ণ ঠিকানা এভাবে উন্মুক্ত করে দেওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ঠিকানা দেখে এক ব্যক্তি বাসার সামনে দাঁড়িয়ে তাকে কল দিয়েছেন, যা তাকে বিস্মিত করেছে।
তিনি বলেন, প্রথমবার মনোনয়ন নেওয়ার সময়ও এ বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী ঠিকানা প্রকাশ করা হয়।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তার বাসায় সন্তান ও মা থাকেন এবং তিনি নিজে অধিকাংশ সময় বাসায় থাকেন না। এমন বাস্তবতায় ঠিকানা প্রকাশিত হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
মাহমুদা আলম মিতু দাবি করেন, তাকে অন্তত ২০ থেকে ২৫ বার বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি সহানুভূতি পাওয়ার জন্য নয়, বরং বাসার ঠিকানা নিঃসন্দেহে ব্যক্তিগত তথ্য এবং এভাবে প্রকাশ করা উচিত নয়।
পোস্টে তিনি জানান, গতরাতে বাসায় ঢোকার সময় দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার মানসিক অস্থিরতা শুরু হয়ে যায়। তিনি বলেন, দেশে যেখানে ৫ থেকে ১০ হাজার টাকায় মানুষ খুন হয়, সেখানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত।
মাহমুদা আলম মিতু অভিযোগ করেন, আগেও বিষয়টি নিয়ে কথা বললেও তা গুরুত্ব পায়নি। তিনি বলেন, দুর্ঘটনা ঘটার পর নিয়ম পরিবর্তনের কথা আসে, কিন্তু যার জীবনে দুর্ঘটনা ঘটে তার জীবন তো শেষ হয়ে যায়।
প্রার্থীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার দাবি জানিয়ে তিনি নির্বাচন কমিশনের প্রতি দ্রুত নিয়ম পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park