
সারাদেশে গত এক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ শিশু এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে আরও ১৬৬ শিশুর। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু। এছাড়া এই সময়ের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৬ শিশু হাম আক্রান্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এক মাসে হাম ও হাম সন্দেহে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ জন। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। সেখানে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ শিশুর।
অন্যদিকে সবচেয়ে কম আক্রান্তের তথ্য এসেছে রংপুর বিভাগ থেকে। সেখানে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৬৪৪ জন শিশু, তবে গত এক মাসে এ বিভাগে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park