
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। তিনি বলেন, সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে এবং বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার বিষয়টি উল্লেখ রয়েছে।
শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে জিইয়ে রাখতে চায়। তার মতে, পুরোনো বিতর্ক জিইয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়, বরং এটি জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, দলের আমিরের বক্তব্য উদ্ধৃত করে উল্লেখ করেন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে কখনো ইতিহাস রচনা করা সম্ভব নয়। তিনি দাবি করেন, বাংলাদেশের চেয়ে পরে স্বাধীন হওয়া অনেক দেশ এগিয়ে গেছে। সংসদে বর্তমানে যারা রয়েছেন তাদের অধিকাংশই তরুণ এবং স্বাধীনতার পরে জন্ম নেওয়া মানুষদের স্বাধীনতাবিরোধী বলা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park