বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা-র বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৫ সালে ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা ঋতুপর্ণা চাকমা দেশের ফুটবলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসার প্রতীক। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ-এর চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
পাহাড়ি অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখা ঋতুপর্ণা চাকমা আজ দেশের অসংখ্য তরুণী ও নারী ফুটবলারের জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।