
ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশও দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও সম্মানের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন। এজন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য নির্ধারিত বিকল্প জায়গা তৈরি করা হবে এবং তাদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র প্রদান করা হবে, যাতে ভবিষ্যতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা যায়।
এছাড়া রাজধানীর যানজট নিরসনে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিং নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। স্কুল ও কলেজের নির্দিষ্ট সময় অনুযায়ী সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, পল্টন, গুলিস্তান ও বায়তুল মোকাররমসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park