
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদে বাড়তি চাপ সামাল দিতে আগামী ১৩ দিন সার্বক্ষণিকভাবে ফিলিং স্টেশন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকবে। এর মধ্যে ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা রয়েছে।
সরকার ইতোমধ্যে ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের ছুটি ঘোষণা করেছে। ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। পাশাপাশি ঈদ উপলক্ষে পোশাক কারখানাগুলোতেও ধাপে ধাপে ছুটি কার্যকর করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রায় সড়কপথে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। ফলে সিএনজি সংকট ও দীর্ঘ লাইনের সমস্যা এড়াতে ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park