
ইরানের বিপক্ষে সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাক্ষাৎকারে এ দাবি করেন। সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
স্পুটনিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মারিয়া জাখারোভা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছে। তিনি দাবি করেন, এই হামলা ছিল পরিকল্পিত ও উসকানিমূলক এবং এর কোনো বৈধতা নেই।
তিনি আরও বলেন, “আমাদের দেশ একেবারে শুরু থেকেই, প্রথম বিবৃতিতেই বলেছিল—এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা দরকার। সামরিক হস্তক্ষেপে এ পরিস্থিতির কোনো সমাধান নেই।” রাশিয়ার অবস্থান শুরু থেকেই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ছিল বলেও উল্লেখ করেন তিনি।
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে একের পর এক কঠোর হুঁশিয়ারি ও বক্তব্য দিয়ে আসছিলেন। কখনো তিনি দাবি করেছেন, ইরান তার সক্ষমতা হারিয়েছে, আবার কখনো বলেছেন দেশটিতে শাসন পরিবর্তন ঘটেছে। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এসব বক্তব্যের বাস্তব প্রতিফলন এখন পর্যন্ত দেখা যায়নি।
উল্লেখ্য, মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত রাখতে সম্মত হয়েছেন। কিছু শর্ত আরোপের পর ইরানও এই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতে রাশিয়ার এমন মন্তব্য নতুন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তেজনা এবং কূটনৈতিক বিতর্ক বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park