
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের বিজয় হিসেবে দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়। ১০০ শতাংশ। এতে কোনো প্রশ্ন নেই।”
এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প বলেছেন ইরানের অবশিষ্ট পারমাণবিক উপাদানও ভবিষ্যতের যেকোনো শান্তিচুক্তির আওতায় আনা হবে। তবে ইউরেনিয়াম কীভাবে ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। শুধু বলেন, “সবকিছুই পুরোপুরি সমাধান করা হবে, নাহলে আমি এই চুক্তিতে যেতাম না।”
প্রসঙ্গত, এর আগে ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি-ধমকি দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করার অবস্থানে থাকলেও নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু আগে অবস্থান পরিবর্তন করে অন্তত দুই সপ্তাহের জন্য যুদ্ধ স্থগিত রাখতে রাজি হন ট্রাম্প।
তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে একটি শর্তও যুক্ত করেছেন তিনি। ট্রাম্প জানান, ইরান যদি সম্পূর্ণ ও নিরাপদভাবে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখে, তাহলেই এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। অন্যথায় যুদ্ধবিরতি ভঙ্গ হবে এবং সংঘাত আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেন তিনি।
বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে এমন শর্ত আরোপের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park