
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কাশিপুর গ্রামে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ডি-১৫ এন খালের ৭ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটায় কোদাল দিয়ে মাটি খুঁড়ে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী ও সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার স্বপ্ন দেখেছিলেন। বর্তমান সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অতীতে খনন করা খালগুলোর নিয়মিত তদারকি করা হতো, যা এখন পুনরুজ্জীবিত করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় খাল খনন কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও নৌ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
তিনি আরও বলেন, অতীতে খাল দখল ও অনিয়মের ঘটনা ঘটলেও এখন সেসব বন্ধে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। কৃষি উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, প্রায় ১ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি পর্যায়ক্রমে খনন করা হবে। প্রথম ধাপে ৭ কিলোমিটার কাজ শুরু হলেও পর্যায়ক্রমে ৩০কিলোমিটার সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park