
আলমডাঙ্গায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রভাব খাটিয়ে লাইন ভেঙে উল্টো পথে তেল নেয়ার সময় এক পুলিশ সদস্যকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গা হক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মোঃ শফিউল্লাহ।
অভিযান সূত্রে জানা যায়,আলমডাঙ্গায় অবস্থিত হক ফিলিং স্টেশনে সকাল ৭টা থেকে ৬০০০ লিটার পেট্রোল ও ২০০০ লিটার অকটেন সরবরাহ শুরু হয়। জরুরি সেবার জন্য আলাদা লাইন থাকলেও তা উপেক্ষা করে আলমডাঙ্গা থানার কনস্টেবল পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম প্রভাব খাটিয়ে উল্টো পথে ঢুকে তেল নেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলেই তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৫০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মোঃ শফিউল্লাহ বলেন, “আইনের চোখে সবাই সমান। নিয়ম ভঙ্গ করে তেল নেওয়ার কোনো সুযোগ নেই। আইন প্রয়োগকারী হয়েও বেআইনি কাজে জড়ানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
সাধারণ মানুষের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে এমন অনিয়ম শুধু দৃষ্টান্তহীনই নয়, বরং সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দেয়। তারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park