
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার এক সরকারি বিবৃতিতে এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে ফুজাইরাহ কর্তৃপক্ষ।
ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, আমিরাতের আকাশসীমায় প্রবেশ করা একটি মানববিহীন উড়োজাহাজ (ইউএভি) দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়। পরে ড্রোনটি ভূপাতিত হলে তার ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে।
এই ঘটনায় ঘটনাস্থলেই এক বাংলাদেশি নাগরিক নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে ফুজাইরাহ কর্তৃপক্ষ জনগণকে কেবল সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়িয়ে পড়লে অযথা আতঙ্ক সৃষ্টি হতে পারে বলে সতর্কও করা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা উপস্থিত রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ সূত্রে তথ্য প্রকাশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park