নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উচ্চ আদালত থেকে পৃথক পাঁচটি মামলায় জামিন পাওয়ার পরপরই নতুন করে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ফলে জামিন পেলেও আপাতত তার কারামুক্তি হচ্ছে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওই মামলার নম্বর ৪১।
এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক পাঁচটি মামলায় আইভীকে জামিন দেন। তবে কারামুক্তির প্রক্রিয়া শুরুর আগেই পুলিশ সিদ্ধিরগঞ্জ থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর ফলে বর্তমানে কারাগারে থাকা সাবেক এই মেয়রের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে।
গত বৃহস্পতিবার তিনি ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলাসহ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামিন পেয়েছিলেন। যদিও এসব মামলায় জামিন থাকলেও সিদ্ধিরগঞ্জের নতুন এই মামলাটি তার মুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোররাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার পৈত্রিক নিবাস ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে একের পর এক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারেই আছেন।