
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট আজ প্রকাশ করা হচ্ছে না। ফলে জাতীয় সংসদে অন্য ৪৯ জন সদস্যের সঙ্গে তার শপথ নেওয়ার বিষয়টিও আপাতত স্থগিত রয়েছে।
রোববার (৩ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আইনি প্রক্রিয়া ও আপিলের জন্য নির্ধারিত সময় বিবেচনায় নেওয়ায় আজ গেজেট প্রকাশ করা হয়নি।
জানা যায়, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই বিলম্ব হয়েছে।
ইসি জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার গেজেট প্রকাশ হতে পারে। এর আগে গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয় এবং আজ রাতেই তাদের শপথ নেওয়ার কথা ছিল।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সাধারণত মনোনয়ন বৈধ ঘোষণার পরদিন গেজেট প্রকাশ করা হয়, তবে আপিল ও প্রত্যাহারের সময় রাখার বাধ্যবাধকতা থাকায় এবার তা সম্ভব হয়নি।
এদিকে আরেক প্রার্থী মনিরা শারমিনের রিট আবেদনও পুরো প্রক্রিয়ায় প্রভাব ফেলছে বলে জানিয়েছে ইসি। কমিশনার জানান, বিষয়টি আদালতের বিবেচনায় রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।
তিনি আরও বলেন, যদি আদালত কোনো নির্দেশনা দেয়, তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামীকাল গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park