
দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে আগামীকাল উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আসছে খুশির এই দিন, যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে সর্বস্তরের মানুষের প্রস্তুতি।
জাতীয়ভাবে চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়েছে। সে অনুযায়ী আগামীকাল দেশব্যাপী পালিত হবে ঈদুল ফিতর। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রস্তুত করা হয়েছে ঈদের প্রধান জামাতের স্থান। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়ক, নৌ ও রেলপথে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।
ঈদকে কেন্দ্র করে দেশের বাজারগুলোতেও চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। পোশাক, জুতা ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ব্যবসায়ীরাও আশা করছেন, ঈদকে ঘিরে তাদের বেচাকেনা বাড়বে।
ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে দিনটি শুরু করবেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ছড়িয়ে পড়বে আনন্দের বার্তা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park