বাংলাদেশে এক জাতীয় পরিচয়পত্রে ১০টির বেশি সিম রেজিস্ট্রেশন থাকলে আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি কমিশন এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি সকল গ্রাহককে অবহিত করেছে।
বিটিআরসি জানিয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিজের এনআইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন। এর বেশি সিম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে অপারেটর কাস্টমার কেয়ার থেকে সেগুলো ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় পার হয়ে গেলে অতিরিক্ত সিমগুলো দৈবচয়ন পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
গ্রাহকরা জানতে পারবেন, তাদের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের সিম সক্রিয় রয়েছে। এজন্য যেকোনো অপারেটর থেকে *১৬০০১# ডায়াল করতে হবে। ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা পাঠালে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য।
বিটিআরসি বলছে, সিম ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, অপরাধমূলক কাজে সিম ব্যবহারের ঝুঁকি কমানো এবং মোবাইল নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park