অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর রাজধানীতে তাৎক্ষণিকভাবে শুরু হয় ব্যাপক উল্লাস। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে এলাকা।
চোখে-মুখে ছিল উচ্ছ্বাস, গলায় ছিল স্লোগান— “নিষিদ্ধ, নিষিদ্ধ”— এমনই দৃশ্য দেখা গেছে হোটেলের সামনে জমায়েত হওয়া আন্দোলনকারীদের মাঝে। অনেককে জাতীয় পতাকা হাতে ওড়াতে দেখা গেছে। অনেকে মিছিল করে রাস্তায় নেমে আসেন, কেউ কেউ সেলফি ও ভিডিও করতেও ব্যস্ত ছিলেন।
এর আগে রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে ছোট ছোট মিছিল আকারে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে থাকেন। রাত ১০টার মধ্যে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত সড়কজুড়ে অবস্থান নেন তারা, যাতে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।
মাঠপর্যায়ের নেতৃত্বে থাকা আন্দোলন নেতা হাসনাত আব্দুল্লাহ এই সময় উপস্থিত জনতাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই নিষিদ্ধের সিদ্ধান্ত যেন কাগজে কলমে না থেকে যায়, বাস্তবায়ন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।”
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park