
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পুলিশের প্রবেশকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরের পর পোশাকধারী ও সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য তার ‘শান্তিনিকেতন’ বাসভবনে প্রবেশ করেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগের রাজ্য সরকারের সময় নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত একটি মনিটর সংগ্রহ করতেই পুলিশ সেখানে গিয়েছিল। কিছুক্ষণ পর সেই মনিটর নিয়ে পুলিশের একটি গাড়ি বাসভবন ত্যাগ করে। পরে আরেকটি গাড়িও সেখান থেকে বেরিয়ে যায়, যা একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত বলে জানা গেছে।
এদিকে সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ভোটের ফল ঘোষণার পর থেকেই তার কার্যালয় ও বাসভবনের অতিরিক্ত নিরাপত্তা এবং গার্ডরেল সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি দীর্ঘদিনের বিশেষ নিরাপত্তা সুবিধাও প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনিক সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারেই নতুন নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে।
এর মধ্যেই তার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ তোলে কলকাতা পৌরসভা। সংশ্লিষ্ট সম্পত্তি নিয়ে নোটিশও পাঠানো হয়েছে। পৌরসভার দাবি, সম্পত্তিটির ব্যবহারে কিছু অসঙ্গতি রয়েছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে সময় চেয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
সম্প্রতি এ নিয়ে প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা জানতে চান, ঠিক কোন অংশকে অবৈধ বলা হচ্ছে তা স্পষ্টভাবে জানাতে হবে।
পৌরসভার নোটিশ ও বাড়িতে পুলিশের প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park