দেশের চারটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ঝড়ো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পূর্বাভাসে উল্লেখ করা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার এই সতর্কবার্তার ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।