ভারতের মহাকাশ কর্মসূচিতে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে ইসরোর পিএসএলভি সি-৬২ মিশনের ব্যর্থতা। ১৬টি স্যাটেলাইট বহনকারী রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হলেও শেষ পর্যন্ত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয় এবং বহন করা সব উপগ্রহ মহাকাশে হারিয়ে যায়। সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
২৬০ টন ওজনের পিএসএলভি ডিএল রকেটটি স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিকভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপ চালু হওয়ার পরই সমস্যার সৃষ্টি হয়। ইসরোর মিশন কন্ট্রোল থেকে রকেটের কোনো টেলিমেট্রি তথ্য পাওয়া যায়নি, যা কক্ষপথে প্রবেশে ব্যর্থতার ইঙ্গিত দেয়। উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর তৃতীয় ধাপে ত্রুটি দেখা দিলে মিশনের অগ্রগতি থেমে যায়।
ইসরো জানিয়েছে, রকেটটি নির্ধারিত গতিপথ থেকে সরে গিয়েছিল। কী কারণে এমনটি ঘটেছে তা নির্ণয়ে একটি ব্যর্থতা বিশ্লেষণ কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণন বলেন, প্রাপ্ত সব তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আপডেট জানানো হবে।
সি-৬২ মিশনে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উন্নত গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ এবং ইসরোর পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-এন১ উল্লেখযোগ্য। এসব উপগ্রহ বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছিল।
উল্লেখ্য, আট মাসের মধ্যে এটি পিএসএলভি রকেটের দ্বিতীয় ব্যর্থতা। এর আগে পিএসএলভি সি-৬১ মিশনেও তৃতীয় ধাপে ত্রুটির কারণে উপগ্রহ হারাতে হয়েছিল। ধারাবাহিক এই ব্যর্থতায় পিএসএলভির দীর্ঘদিনের উচ্চ সাফল্যের রেকর্ডে স্পষ্টভাবে আঘাত এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।