ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল সরকারি বিএম কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদল। মিছিলটি কলেজের বাস্কেটবল গ্রাউন্ড থেকে শুরু হয়ে কলেজ মসজিদ গেট সংলগ্ন জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। কর্মসূচির নেতৃত্ব দেন বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু এবং সদস্য সচিব তালুকদার মো. সজল।
সমাবেশে তালুকদার মো. সজল বলেন, “গত ১৫ বছরে ছাত্রদলের ৯০ হাজার নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। অথচ সাম্যের মতো দেশপ্রেমিক ছাত্রনেতাকে হত্যার পরও খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কোনো বিচার হচ্ছে না। সাম্য ছিল ছাত্রদলের সোনালি ফসল, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রামীণ ব্যাংকের ৬ হাজার ৬০০ কোটি টাকা ঋণ মওকুফ করা হলেও সাধারণ কৃষক সামান্য ঋণের দায়ে কারাগারে থাকে। এই বৈষম্য ও দুঃশাসনের অবসান ঘটাতে ছাত্রদল রাজপথে ছিল, আছে, এবং থাকবে।”
সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশকে মাফিয়াতন্ত্র ও দুঃশাসনের দিকে ঠেলে দিয়েছে। খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
ছাত্রদল নেতারা ঘোষণা করেন, শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদল প্রতিহত করবে। সভা শেষে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।