জুলাই আন্দোলনের সময় আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে শিরীন শারমিনকে আদালতে আনা হয়। শুনানির সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
রিমান্ডের জন্য ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন আবেদন করেছিলেন। একই সঙ্গে শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদন দাখিল করা হয়েছিল। তবে আদালত উভয় আবেদনই মঞ্জুর করেনি।
রিমান্ড আবেদনে বলা হয়েছিল, মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা এবং ৩ নম্বর আসামি শিরীন শারমিন চৌধুরী সহ অন্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ‘কুশীলব’ ছিলেন। তাদের সিদ্ধান্ত ও পরিকল্পনার পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশে এই হত্যাচেষ্টা ঘটেছে। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে আসামি মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
এই হত্যাচেষ্টা মামলার ঘটনা অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলনের সময় দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই সময় গুলিতে আশরাফুল ওরফে ফাহিমের চোখে আঘাত লাগে। তিনি পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
মামলায় উল্লেখ, গত বছরের ২৫ মে আশরাফুল শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং ১১৫–১২০ অচেনা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডি থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।