জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০তম বিসিএস ২০২৫-এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেসব পরীক্ষাকেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার ৫০তম বিসিএস ২০২৫-এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রশাসনকে পরীক্ষার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ সহযোগিতা করার জন্য বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কেন্দ্র ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।