বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরের প্রথম রাতেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তিনি।
বুধবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট বিভাগের পাশাপাশি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে পর্যায়ক্রমে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্রদল ও যুবদল নেতারা।
সংবাদ সম্মেলনে ঢাকা-১৫ আসনের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে মাহদী আমিন বলেন, সেখানে সংঘর্ষের ঘটনা নিন্দনীয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিএনপি একটি ত্রুটিমুক্ত ও মডেল নির্বাচন চায় উল্লেখ করে তিনি জানান, দলীয় প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ চালানোর জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রয়েছে। তাঁর দাবি, নির্বাচনী মাঠ বর্তমানে বিএনপির অনুকূলে থাকায় একটি পক্ষ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।